নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসান আলী নামে এক যুবকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব -৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার রাতে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান আলী পোরশা উপজেলার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি হাসান আলী একজন বিকৃত রুচির মানুষ। গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে সাত বছর বয়সী ওই শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় শিশুকে একা পেয়ে ধর্ষণ করেন হাসান আলী। ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। এ ঘটনার পর থেকে হাসান আলী পলাতক ছিলেন।
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।
