
প্রতিনিধি:
জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও কেমিক্যালযুক্ত নকল দুধ তৈরির অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভেজাল দুধ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল ও রোপকরণ জব্দ করে ঘটনাস্থলেই তা বিনষ্ট করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ছানার পানির সাথে নিম্নমানের মিল্ক পাউডার, কাস্টিক সোডা, পাম অয়েল, ডিটারজেন্ট ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে নকল দুধ তৈরি করে আসছিল। পরবর্তীতে এগুলো বাজারজাত করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছিল। অভিযানে কারখানাটি থেকে হাতেনাতে নকল দুধ তৈরির বিভিন্ন উপাদান ও কেমিক্যাল সরঞ্জাম জব্দ করা হয়।
পরবর্তীতে নিরাপদ খাদ্য আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করা হয় এবং জব্দকৃত সব নকল উপাদান ও কেমিক্যাল সবার উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় বিনষ্ট করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্য ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।