
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল একই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রবিউলের ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ঘটনার পর মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় রবিউলকে দেখতে পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিচার এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, অভিযুক্ত রবিউলকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।