
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার ৯ বছর ধরে পলাতক এজাহার নামীয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) এর সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃত হলেন জেলার জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আনারুল ইসলাম(৫০)।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১৩। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জেলার ডিমলা থানাধীন জিহাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর নীলফামারী ক্যাম্প (সিপিসি-২) জানায়, জমি নিয়ে পূর্ব বিরোধ ও চলাচলের রাস্তাকে কেন্দ্র করে বিগত ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জলঢাকা থানায় হত্যা মামলা (নং-২১) দায়ের করেন। মামলার এজাহার নামীয় ৪ নম্বর অভিযুক্ত ছিলেন আনারুল।
“গ্রেফতারকৃত আনারুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।