
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরায়ন গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আশেকপুর এলাকায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা যায়, আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়সংলগ্ন সড়কের দুই পাশে ঘন জঙ্গল গড়ে ওঠায় শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে ওই সড়ক ব্যবহার করতে অনেকেই ভয় পেতেন। ধীরে ধীরে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার করায় বর্তমানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, “১৫ নম্বর ওয়ার্ডে বিভিন্ন নাগরিক সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। এসব বিষয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই জনস্বার্থে আমরা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরায়ন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”