
এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বির
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন পাটুখালী পায়রা যুব সংঘের উদ্যোগে
৩০ মার্চ (রবিবার) দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতকাটা সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনের সভাপতি ও উপদেষ্টা সহ অন্যান্য সদস্যরা। তারা জানান, এবারের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের আওতায় ৪০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে সাবান, চিনি, সেমাই, দুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়েছে, যাতে সুবিধাভোগীরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন।
সংগঠনের সভাপতি আল আমিন দফাদার বলেন, “আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া। আমরা চাই, সবাই যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”
সংগঠনের উপদেষ্টা তোফায়েল হোসেন মৃধা বলেন, “আমাদের সংগঠন সবসময় মানবতার সেবায় কাজ করে। ঈদের সময় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্থানীয়রা পায়রা যুব সংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
পায়রা যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এজন্য সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।