
লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় কলাউজান ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার ১৫ই আগস্ট বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোনের পরিচয় আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা একই উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হাফেজ মো. ইউনুসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় হেফজখানায় চাকরির সুবাদে মো. ইউনুস পরিবার নিয়ে কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার দুপুরের পর আমেনা ও আয়শা বাসার অদূরে বাংলাবাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে নামেন।
গোসলের একপর্যায়ে দুই বোন পানিতে ডুবে যায়। পরে বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গেলে পানির মধ্যে তাঁর পায়ে মরদেহের স্পর্শ লাগলে দুই বোনের মরদেহ নিজ হাতে উদ্ধার করেন।
খবর পেয়ে স্থানীয়রা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন।