
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধসরা এলাকার দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহ’র প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার দুধসরা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের যে অভিযোগে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে, তা মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
বক্তারা বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা বা হয়রানি করা উচিত নয়। তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা আমানুল্লাহ, মাওলানা ইব্রাহিম, মুফতি জসিম উদ্দিন, হাফেজ আলী আজম, মাওলানা নুরুল কবির, মুফতি মোহাম্মদ ইসমাইল ও মাওলানা আব্দুল কাদের।
বক্তারা প্রধান শিক্ষক আবুল বাশারের মুক্তির দাবি জানিয়ে প্রশাসনের প্রতি বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান।
মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।