
সিলেট প্রতিনিধি :-
সিলেটের বিশ্বনাথের এক লন্ডন প্রবাসী যুবদল নেতার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া (Fake) আইডি খুলে হয়রানি ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর ভাই সাকিব হোসেন বিশ্বনাথ থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, প্রবাসী ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন আলীর ছবি ব্যবহার করে গত ১০/১১/২০২৫ খ্রিষ্টাব্দে একটি ভুয়া আইডি খোলা হয়। এই আইডি থেকে প্রথমে প্রবাসীর আত্মীয়-স্বজনের কাছে টাকা ধার চাওয়া হয়।
পরে ১১/১১/২০২৫ খ্রিষ্টাব্দে ওই ভুয়া আইডি থেকে গ্রামের কয়েকজন ব্যক্তির ছবিসহ প্রবাসীর নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট করা হয়। অভিযোগকারী সাকিব হোসেন মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার ভাইকে হয়রানি করতে এই সাইবার অপরাধ করা হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রবিরোধী পোস্ট দিয়ে পরিবারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
বিশ্বনাথ থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়েছে এবং অজ্ঞাতনামা অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।