
(ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে আসাদ ওরফে বাচ্চু (৪৩) নামের এক পাষণ্ড স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
(২৮ মে) বুধবার দুপুর দেড় টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী আসাদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আসাদ ওরফে বাচ্চু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর গ্রামের মোঃ ছাত্তার শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর রাতের কোনো এক সময় যৌতুকের জন্য নিজ স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেন আসাদ। এরপর মরদেহ ফেলে পালিয়ে যান তিনি। পরে ২৮ অক্টোবর ফরিদপুরের কোতোয়ালী থানায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, মৃত্যুর তিন মাস পূর্বে আসাদ তার মেয়েকে বিয়ে করেন। এরপর যৌতুকের জন্য চাপাচাপি সহ স্ত্রীকে নির্যাতন করলে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীতে আসাদ নিজের দোষ স্বীকার করে পুনরায় তার স্ত্রীকে বিয়ে করেন। এরপর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের এমবিআই এগ্রো ফার্মে স্বামী স্ত্রী মিলে দুজনেই চাকরি শুরু করেন। সেখানে তাদের মধ্যে পুনরায় যৌতুক নিয়ে স্ত্রীকে নির্যাতন শুরু করেন আসাদ। এক পর্যায়ে ২৫ অক্টোবর রাতে কোন এক সময় স্ত্রীকে হত্যা করে তিনি পালিয়ে যান। পরে পুলিশ ২৬ অক্টোবর সকালে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, এই মামলায় সকল আলামত ও ১০ জন সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়
আদালত এ রায় ঘোষণা করেন।
তিনি বলেন, এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে । এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে জানান তিনি।