
নীলফামারী প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর কণ্ঠশিল্পী দম্পতি শাহীন বাবু ও স্বপ্না সরকার।
সংবাদ সম্মেলনে প্রচারিত তথ্যের সুষ্ঠু তদন্ত ও মানহানীতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবীর কথা বলেন কণ্ঠশিল্পী স্বপ্না।
স্বপ্না সরকার অভিযোগ করেন, “গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে একটি ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে ‘আনজুয়ারা সুমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়। তাঁর দাবি, ‘মমতাজ খ্যাত সুমি শেখ’ হিসেবে পরিচিত আনজুয়ারা সুমি কয়েকজন সাংবাদিক নিয়ে তাঁর বিরুদ্ধে একপেশে বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন এবং ওই সংবাদ সম্মেলনে তাকে জড়িয়ে যে তথ্য দেয়া হয়েছে সেগুলো মিথ্যে। এতে স্বপ্না ও তার সম্মানহানী হয়। “
তিনি আরও বলেন, “একজন বাবার কোনো অপরাধের দায় কখনো তাঁর সন্তানের ওপর বর্তাতে পারে না, যদি সেই সন্তান নিরপরাধ হয়।আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, সেগুলোর স্বপক্ষে কোন প্রমাণ নেই।”
কণ্ঠশিল্পী স্বপ্না দাবি করেন, “তিনি কাউকে হত্যার হুমকি দেননি এবং তিনি পলাতকও নন। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগের মাধ্যমে সামাজিকভাবে তাঁর মান-সম্মান ও সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি বাংলাদেশের প্রচলিত আইন, সাংবাদিক সমাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেন।”
সংবাদ সম্মেলনে স্বপ্না সরকারের স্বামী শাহীন বাবুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।