
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতের কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ স্থাপন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পশুপালন অনুষদীয় গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তী, । সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোটা. আসিফ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, যিনি তার বক্তব্যে ক্লাবের এই উদ্যোগকে “মানবিকতার মশাল” হিসেবে অভিহিত করেন।
ড. মো. শহীদুল হক বলেন, “বিজয়ের মাসে এমন একটি উদ্যোগ আমাদের মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে, অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় না করে মানবিক কাজে নিজেদের নিয়োজিত করুন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং অধ্যাপক ড. মো. আবুল মঞ্জুর খান, যাঁরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা শীতবস্ত্র বিতরণের সময় শীতার্তদের মুখে যে স্বস্তির হাসি ফুটিয়ে তুলেছিল, তা মানবিকতার এক নীরব জয়গানের মতো। এ ধরনের উদ্যোগ কেবল শীতার্তদের জীবনেই উষ্ণতার পরশ দেয় না, বরং একটি সমব্যথী সমাজ গড়ার পথেও আলোকবর্তিকা হয়ে দাঁড়ায়।