
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় পুকুরে ডুবে কাওসার নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকায় (২৪ জুন) বুধবার এই ঘটনা ঘটেছে। মারা যাওয়া শিশুটি হারুন মিয়ার ছেলে।
এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা যায়, শিশুটি তার দাদীর সাথে পুকুরে গোসল করতে যেতে চাইছিল। তখন দাদী গোসল করার মগসহ পুকুর পাড়ে শিশুটিকে অপেক্ষা করতে বলেন। কিন্তু ঘরে কাজ শেষ করে দাদী এসে দেখেন শিশুটি সেখানে আর নেই। তৎক্ষনাৎ শিশুটির পরিবারসহ প্রতিবেশীরা পুকুরে খোঁজতে গিয়ে মগটি পানিতে ভেসে উঠতে দেখে। অনেক খোঁজাখুঁজি পর একপর্যায়ে শিশুটিকে অচেতন অবস্থায় পুকুরের পানিতে পাওয়া যায়। পরে দ্রুত শিশুটিকে উদ্বার করে পার্শ্ববর্তী নৈহাটি বাজারে নিয়ে আসলে পল্লী চিকিৎসকরা হাসপাতালে নিতে বলেন। পরবর্তীতে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শিশুটির মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।