
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কাউলজানি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় জনৈক ফারুক মেম্বারের বাড়ির উত্তর পাশে তিন রাস্তার মোড়সংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সেলিম মিয়া বাসাইল পূর্বপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে। বিশেষ অভিযান চলাকালে তার হেফাজত থেকে ৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সেলিম মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী বাসাইল থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়, যার নম্বর-১০।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার সেলিম মিয়াকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।