
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বেই এ দেশের মানুষ গণতন্ত্র লালন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তাঁর আন্দোলনের মধ্য দিয়েই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের বিপ্লব থেকে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত গণতন্ত্রকামী প্রতিটি আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে।
তিনি বলেন, বিএনপিকে রাজাকার, ফ্যাসিবাদী বা স্বৈরাচার বলা যায় না। বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্রের বিজয় হয়েছে।
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে জনসভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এর আগে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র্যালি করে নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।