
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শিশু নির্যাতন বন্ধে করনীয় ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ে শিশুদের সাথে বড়দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স(এনসিটিএফ)এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের সাধারণ সম্পাদক তামিমা রহমান এর সভাপতিত্বে ও সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নার্গিস জাহান, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান রেবেকা পারভীন, স্বাধীনতা রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিলা পারভীন, জেলা সেফ দ্যা চিলড্রেনের ফিল্ড অফিসার মোঃ ফারুক হোসেন, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ কামরুল হাসান সহ ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এর সদস্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে তাদের নিজেদেরই সচেতন হওয়ার আহবান জানানো হয়।
বক্তারা আরো বলেন, মেধা ভিত্তিক জাতি গঠনে ও প্রত্যাশিত সমাজ পেতে হলে শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া কোন বিকল্প নেই। বৈষম্য নয় ছেলে বা মেয়ে উভয় সন্তানকে সমান দৃষ্টিতে,সমান সুযোগে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের জন্য সর্বক্ষেত্রে আনন্দ ও শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। অনুষ্ঠান শেষে অনলাইনে কুইজে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।