
ক্রীড়া প্রতিবেদক
বিসিবির বেধে দেওয়া ৪৮ ঘণ্টার অনেক পরে অবশেষে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোকজ পেয়েছিলেন বিসিবির এই পরিচালক।
টাইগারদের ক্রিকেট বোর্ডের একটি সূত্র তার জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, বিসিবি তাকে নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলেছিল। তবে নাজমুল তা দেননি।
কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নাজমুল। ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হলেও তখন তিনি কোনো জবাব দেননি। এরপর ক্রিকেটারদের পারিশ্রমিক, সাফল্যসহ নানা বিষয়ে আরও কিছু মন্তব্য করেন তিনি। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এর জেরে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন।
এ পরিস্থিতিতে বিপিএলের ম্যাচও মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি সরে দাঁড়াননি। পরে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়।
বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেটাররা তাদের অনড় অবস্থান থেকে সরে আসেন। এরপর শর্তসাপেক্ষে ক্রিকেটে ফেরেন ক্রিকেটাররা। তাদের শর্ত ছিল, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এর মধ্যেই ১৫ জানুয়ারি সকালে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে বলা হয়, ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।
পরে আজ রোববার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে তিনি চিঠির জবাব দিয়েছেন। তবে সেই চিঠিতে বিসিবি পরিচালক নাজমুল কী লিখেছেন, তা জানা যায়নি।