
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশার লাইন মাস্টার ও পরিবহন নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বধুবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
সভায় মধুপুর বাসস্ট্যান্ডের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন রোডের যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং যত্রতত্র পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও স্থানীয় নাগরিক প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, স্ট্যান্ডের মোড়ে বাস ও সিএনজি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি করছে।
মতবিনিময় সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ:যত্রতত্র পার্কিং নিষিদ্ধ: বাসস্ট্যান্ডের মূল পয়েন্টে কোনো বাস, ট্রাক বা সিএনজি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না।
লাইন মাস্টারদের দায়িত্ব: প্রতিটি রোডের (মধুপুর-ঢাকা, মধুপুর-ময়মনসিংহ, মধুপুর-জামালপুর) মাস্টারদের নিশ্চিত করতে হবে যেন তাদের যানবাহন নির্ধারিত সীমার বাইরে না দাঁড়ায়।
অটোরিকশা নিয়ন্ত্রণ: ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলা এবং স্ট্যান্ডের ভেতরে বিশৃঙ্খলভাবে প্রবেশ না করা।
ফুটপাত দখলমুক্ত: যানজট কমাতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত পরিবহন মাস্টার ও নেতারা প্রশাসনের এসব সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন এবং যানজট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। তবে তারা স্ট্যান্ডের জায়গা স্বল্পতার কথা উল্লেখ করে স্থায়ী টার্মিনাল সংস্কারের দাবিও জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, ট্রাফিক পুলিশ সাজ্জাদ, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা পৌর সভার প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, প্রগতির আলোর সম্পদাক ও দৈনিক আজকের কাগজের মধুপুর প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মধুপুর প্রতিবেদক নাজিবুল বাশার, দৈনিক যুগান্তর পত্রিকার মধুপুর প্রতিনিধি এসএম শহীদ, দৈনিক সংবাদের মধুপুর প্রতিনিধি আ: হামিদ দৈনিক ভোরের জাহিদুল কবির ওনাজমুল হক প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, “প্রাথমিক আলোচনার পর যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে জনস্বার্থে কঠোর আইনানুগ ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।