
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গত ২৬ জুন ২০২৪ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) ও ঋণস্থিতির ভিত্তিতে শীর্ষ ২০ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ সরকারের ন্যায় ২০২৪ – ২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০১৪-২০১৫ অর্থবছর হতে সরকারি কর্মকান্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ফলভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় এমআরএ সম্মেলন কক্ষে সনদপ্রাপ্ত ঋণস্থিতির ভিত্তিতে এসকেএস ফাউন্ডেশনসহ শীর্ষ ২০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অথরিটির পক্ষে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো: ফসিউল্লাহ্ ও এসকেএস ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন এই চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অথরিটির ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত গুরুত্বপূর্ণ সূচকে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে অথরিটিতে তথ্য সরবরাহ করবেন যা মূল্যায়ন করে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হবে।