
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. উজ্জল হোসেন (৩২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ঢাকার মিরপুর মডেল থানার দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল র্যাব-৪, সিপিসি-১, সাভারের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার উজ্জল হোসেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের মৃত মতিন উদ্দিনের ছেলে।
র্যাবের তথ্যমতে, ফরিদপুরের ভাঙ্গা থানার একটি মাদক মামলায় (নং-৩৫, তারিখ: ২০ এপ্রিল ২০২৩) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(গ) ধারায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।