
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জায়গায় ঘুরে শীতার্তদের মধ্যে কম্বল ও মাফলার বিতরণ করেছে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেট সংলগ্ন মাজার চত্বর এলাকায় শীতার্ত মানুষের বসবাস। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় তাদের জীবনযাপন। এছাড়াও বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারের পুরাতন রেল ছাউনিতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা শীতার্ত মানুষের। গভীর রাতে তাদের দ্বারে গিয়ে শীত নিবারণের জন্য কম্বল ও মাফলার বিতরণ করছে নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যরা।
নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. সাদিকুল আরেফিন বলেন, সংগঠনটি আর্ত মানবতার সেবায় বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সেগুলোর মধ্যে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অন্যতম। তারা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় মানবিক সেবা অব্যাহত রেখেছে। এছাড়াও আরেক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা বলেন, নবজাগরণ ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেখানে একজন মানুষকে প্রকৃত স্বেচ্ছাসেবক হিসেবে তৈরি করে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদিকুল আরেফিন, অধ্যাপক ড. মনিমুল হক ও অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা। এছাড়াও নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপদেষ্টা সোহাগ আলী, সাবেক সভাপতি রাসেল সরকার, বর্তমান কমিটির সভাপতি অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহিন হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ১২ ডিসেম্বর ১২তম বছরে পদার্পণ করেছে। দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে তাদের এই ব্যতিক্রম আয়োজন। তারা রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে অসহায় শীতার্ত ৪০ জনকে কম্বল বিতরণ করেছেন।