
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবির) লিফট সমস্যা সমাধানের জন্য গত ৭ নভেম্বর ( মঙ্গলবার ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এর প্রবেশদ্বার তালা দিয়ে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে লিফট সমস্যার সমাধান চান। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবডির সদস্যরা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে ৭২ ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দশতলা বিশিষ্ট এই অ্যাকাডেমিক ভবনটিতে বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে দুটি লিফট। তবে লিফটি দুটি বিভিন্ন সময় অকেজো অবস্থায় পড়ে থাকে। ফলে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।
দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিক ভবন-২ এর লিফটে সমস্যা থাকার ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন করেছে তারা। লিফটে সমস্যার কারণে তারা সময়মত ক্লাসে উপস্থিত হতে পারে না। অনেক শিক্ষক শিক্ষার্থী সিড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে নানানরকম শারীরিক জটিলতার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান বলেন, অবরোধ থাকার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তরের প্রকৌশলীরা বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি। আজ তারা ক্যাম্পাসে আসবেন। আশাকরি আগামী তিন দিনের মধ্যেই অ্যাকাডেমিক ভবন- ২ এর লিফট সমস্যার স্থায়ী সমাধান হবে।