
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬০ লাখ ৪৭ হাজার ৬১২ টাকা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে লোহাগড়া পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক সুস্মিতা সাহা এ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৮৯ টাকা। এছাড়া উন্নয়ন হিসাব (এডিপি)-এর আয় ও ব্যয় ৬ কোটি ৮০ লাখ টাকা এবং উন্নয়ন হিসাব (প্রকল্প)-এর আয় ও ব্যয় ৪০ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক সুস্মিতা সাহা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ১৮৯ টাকা। ফলে সমাপনী স্থিতি থাকবে ৬০ লাখ ৪৭ হাজার ৬১২ টাকা।
তিনি আরও বলেন, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবসম্মত এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তফিকুল আলম, হিসাবরক্ষক উজ্জ্বল কান্তি সরকার, প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদুল্লাহ হিমেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।