
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে আসর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তার অবদান গুরুত্বপূর্ণ। গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে তার গৃহীত উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করেছে। তিনি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন। আমরা আশা করি, তার আদর্শ ও উন্নয়ন ভাবনা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। বর্তমান সরকারের ভালো কাজের প্রশংসা করা হবে এবং যেখানে সমস্যা থাকবে, সেখানে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা অনস্বীকার্য। তার রুহের মাগফিরাত কামনা করি।
এনটিএ’র সভাপতি ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে এ ধরনের আয়োজন করতে পেরেছি। আগে এধরনের আয়োজন করলে নানা বাধার সম্মুখীন হতে হতো। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। তার আদর্শ ও কর্মমুখী নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান ও ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও এনটিএর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।