
জান্নাতুল বাকী
শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ উপজেলার ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে নকলা উপজেলা দল চ্যাম্পিয়ন ও শেরপুর সদর উপজেলা দল রানারআপ হয়েছে।
১৮ নভেম্বর শনিবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নকলা উপজেলা দল ১-০ গোলে শেরপুর সদর উপজেলা দলকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে।
আক্রমণ-পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জমজমাট এ ফাইনাল খেলার ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন নকলা’র অধিনায়ক সোহেল রানা। এই গোলের সুবাদে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন। এছাড়া রংধনু ডিজিটাল পয়েন্টের সৌজন্যে নকলার গোলাকিপার বিপুল মিয়া অসাধারণ কয়েকটি সেভের কারণে ‘ম্যান অব দি ফাইনাল’ এবং শেরপুর সদরের আক্রমণভাগের খেলোয়াড় আতিক মিয়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সচন্দ সরকার সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।