
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক করার লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডার ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিস্ট পুলিশের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয় বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) শহরের মহসিন অডিটোরিয়াম এন্ড কমিউনিটি সেন্টারে। সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ সাখাওয়াত হোসাইন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে পর্যটন খাতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন,
“আমরা কেবল পর্যটকদের নিরাপত্তার জন্যই কাজ করি না, বরং প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়েও সচেতন। বন আইন সংশোধনের বিষয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি এবং এর বাস্তবায়ন খুব শিগগিরই দৃশ্যমান হবে। পর্যটন শিল্পের উন্নয়নে প্রশাসনসহ সকল স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের লক্ষ্য শ্রীমঙ্গলের সৌন্দর্য ও ঐতিহ্য বজায় রেখে উন্নয়নকে এগিয়ে নেওয়া।”
তিনি আরও জানান, পর্যটকদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করতে রাধানগরে দ্রুত স্ট্রিট লাইট স্থাপন করা হবে। পাশাপাশি, পরিচ্ছন্নতা অভিযানও রাধানগর থেকেই শুরু করা হবে, যা পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে সহায়ক হবে। তিনি আশ্বাস দেন যে, সভায় আলোচিত বিভিন্ন সমস্যার সমাধানে আগামী বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূর, শ্রীমঙ্গল-কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
তারা পর্যটকদের নিরাপত্তা, যানজট নিরসন, পরিচ্ছন্নতা রক্ষা এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে, নাইটলাইফ উন্নয়ন, পর্যটন এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন গাইডদের মানোন্নয়ন এবং পরিবহন সেবার মান বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন সংগঠন, ট্যুর অপারেটর, রিসোর্ট মালিক, পরিবহন শ্রমিক সংগঠন, বন বিভাগ এবং ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কুমকুম হাবিবা, তারেকুর রহমান পাপ্পু, সুলতান মোঃ ইদ্রীস লেদু, আনিসুল হক, কল্যাণ দাশ, এম এ রাকিব, শফিকুল ইসলাম রুম্মন, তাপস দাশ, মোঃ আরজু মিয়া, মিছির আলি, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ মাহবুবুর রহমান, নুর আলম, মোঃ মোশারফ হোসেন, মোঃ আহসানুল হক সুমন প্রমুখ।
তারা শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আধুনিক ও টেকসই করতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানান। বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো, অবৈধ ট্যুর গাইডদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, প্রশাসন ও স্থানীয় স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টায় শ্রীমঙ্গলের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে। পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তোলার লক্ষ্যে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।