
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইল মির্জাপুরে স্কুল ছুটির পর ছাত্রীদের ইভটিজিং ও উত্যক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় এলাকা সংলগ্ন সড়কে।ভিডিও চিত্রে দেখা যায়,স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা যখন হেঁটে বাড়ি ফিরছিল,তখন মোটরসাইকেল নিয়ে এক যুবক তাদের পেছনে পেছনে ঘোরাঘুরি ও উত্যক্ত করছিল।খোঁজ নিয়ে জানাযায়,অভিযুক্ত ওই যুবকের নাম ইসমাইল।সে বহুরিয়া গ্রামের খানপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন মোটর গাড়ি মেকানিক।
জানা গেছে,রোববার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টার নিউজের টাঙ্গাইল প্রতিনিধি রাব্বি খান এবং গ্রীন টিভি’-র মির্জাপুর প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ওই এলাকায় সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য ও চিত্র সংগ্রহ করতে যান।সে সময় হঠাৎ করেই স্কুল ছুটির পর ইভটিজিংয়ের এই দৃশ্য তাদের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে তা নিজেদের ক্যামেরায় ধারণ করেন।সাংবাদিকের প্রশ্নের মুখে অভিযুক্ত যুবক নিজের পরিচয় ও পেশার কথা স্বীকার করে।ইতোমধ্যে ইভটিজিংয়ের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত ওই ইভটিজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন।তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।