
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় ক্রয়কৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন সাইকেল এবং হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান,পৌর শাখার আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রাজ্জাক ও শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মতিয়ার রহমান বলেন, “সরকারের দেওয়া এই সহায়তা শুধু ভোগের জন্য নয়, এটি আপনাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ। আজ যে ছাগল আপনাদের দেওয়া হলো, আগামী বছর সেটিকে বৃদ্ধি করে সফলতার উদাহরণ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিতরণকৃত সামগ্রীগুলো সঠিকভাবে ব্যবহার করলে উপকারভোগীরা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারবেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সাইকেল ও ছাগল তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও সুবিধাভোগীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।