
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে প্রবেশ করে বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। রোববার সকালে তিনি প্রথমেই স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে প্রবেশ করে ভর্তি হতে আসা রোগী এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সাথে চিকিৎসাসেবার মান নিয়ে আলোচনা করেন।
এক পর্যায়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকটি বাথরুম, ওষুধ সাপ্লাইয়ের কক্ষ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালে কমবেশি সেবা পাচ্ছেন রোগীরা। তবে পরিচ্ছন্নতা ও সেবার ঘাটতি রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধের সরবরাহ কম, বাইরে থেকে টেস্ট করানোর অভিযোগ রয়েছে।
অচিরেই স্বাস্থ্য কমিটি গঠন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিধি এবং সেবার মান বাড়ানো হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আলীমুর রাজীব।