নিজস্ব প্রতিনিধি
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবু চেয়ারম্যান আটক
জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির উপজেলা সংবাদ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার সকাল সাতটার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাতটার দিকে তাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বাড়ি জামালপুর। এখানে তিনি বোনের বাড়িতে অবস্থান করছিলেন।
শুক্রবার চেয়ারম্যান বাবুকে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বাবু চেয়ায়রম্যানের আটকের বিষয়টি জানেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বুধবার রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক নাদিম। এসময় অতর্কিতভাবে ১০-১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নাদিমের। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হামলার সময়ের সিসিটিভির ভিডিও ফুটেজে বিশ্লেষণ করে দেখা যায়, ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে নাদিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একদল সন্ত্রাসী। এসময় হামলায় সরাসরি অংশ নেন বাবুর বোনের ছেলে রেজাউল ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রাকিবুল্লাহ রাকিব।
