
সালথা ( ফরিদপুর) সংবাদদাতা
সরকার পতনের এক দফার দাবি আদায়ে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপকহারে তল্লাশি ও গ্রেপ্তার করছে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির ১৮ নেতাকর্মীকে।
এদিকে সালথা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরকের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার সকালে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরদিন সকালে সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, উপজেলা বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যেতে আতঙ্ক সৃষ্টি করতে এ গণগ্রেপ্তার। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য বাধা ও অন্যায় বলে দাবি এ উপজেলা বিএনপির সভাপতির।
গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার পশ্চিম বিভাগদী এলাকার মোহাম্মদ রফিক মুন্সি (৪৫), মোহাম্মদ আবু জাফর (৪৩), মো. ওমর আলী (৪৫), পাঁচপাকিয়া এলাকার মো. মুরাদ হোসেন (৩৮), মো. হান্নান মাতুব্বরসহ উপজেলা বিএনপির ১৮ জন নেতাকর্মী।
এদিকে উপজেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিকের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
তবে সালথা থানার সেকেন্ড অফিসার এসআই পরিমল কুমার বিশ্বাস জানান, সালথা থানায় একটি বিস্ফোরক মামলায় তাদের যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা বিএনপির নেতাকর্মী কি না তা তিনি জানাতে পারেননি।
এ ছাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযানের ব্যাপারে তিনি কথা বলতে রাজি হননি।