
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে Startup, Science Project and Innovation Idea Showcasing Program উপলক্ষে এক বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং লোহাগড়া উপজেলা প্রশাসন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষার বিকল্প নেই। সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান, নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, মো. জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মো. এমদাদুল হক এমদাদ এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলার ১৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।