
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ
নদীর পারে গড়ে উঠা হাসপাতাল ক্লিনিকের বর্জ্য, মনুষ্য বর্জ্য এবং গৃহস্থালি বর্জ্যে দূষিত হয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত মহানন্দা নদী।
‘এশিয়ান ওয়াটার ডেভেলপমেন্ট আউটলুক-২০২৪’-র তথ্য অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের ৫০ টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাংলাদেশের নদীর পানি৷ আর দূষণের ভয়াবহ শিকার বেশি শহরের পার্শ্ববর্তী নদীগুলো ৷
এক সময় মহানন্দার পানি এতটাই স্বচ্ছ ছিল যে, এ নদীতে মাছের উপস্থিতি স্পষ্ট দেখা যেত। আর এখন বিভিন্ন বর্জ্য মিশে পানির রং বদলে যাচ্ছে।
হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্য কলকারখানার বিভিন্ন বর্জ্য এ নদীতে ফেলা হয়। এমনকি, নদীর দু’ধারে যেসব বসতী আছে সেগুলোর আবর্জনাও এসে পড়ছে নদীতে। নদীতে এখন মিলছে নানা ধরনের প্লাস্টিক, পলিথিন ব্যাগ, কাপড় এবং আরো নানা ধরনের আবর্জনা।
বিশেষজ্ঞদের মতে, হাসপাতাল ক্লিনিকের বর্জ্য নদীতে ফেলার কারণে নদীর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। আশপাশের লোকজন এই দূষিত পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন না করলে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দূষণ আমাদের খাদ্যচক্রেও প্রবেশ করবে।