
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে চুরি যাওয়া একটি মাইক্রোবাস মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গাড়িটি উদ্ধার করে। তবে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনও শনাক্ত করা যায়নি, উদ্ধার হয়নি গাড়ির টায়ারও।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। তিনি জানান, চুরির খবর পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান
বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নজমুল ইসলাম জানান, পরিবহন শাখার এক কর্মচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ময়লাকান্দি নামক একটি ফিলিং স্টেশনে গাড়ির অবস্থান শনাক্ত করা হয়। রাত ১২টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করেন। গাড়িটি লক করা ও তেলের লাইন খোলা অবস্থায় পড়ে ছিল। তবে গাড়ির পেছনের দরজা খোলে চাবি পাওয়া যায়, যা দিয়েই সেটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়।
কীভাবে হলো চুরির ঘটনা?
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ৫ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুইজন চোর—যাদের একজন বোরকা পরিহিত—দেয়াল টপকে বাকৃবির পরিবহন শাখায় প্রবেশ করে। তারা টায়ার সংরক্ষণের কক্ষের তালা কেটে চারটি টায়ার বের করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাস (ময়মনসিংহ-চ-৫১০০১৫) চুরি করে পালিয়ে যায়। চুরি হওয়া চারটি টায়ারের মধ্যে বড় গাড়ির দুটি টায়ারের বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির দুটি টায়ারের মূল্য ২৫ হাজার টাকা।
চোরদের ধরতে অভিযান অব্যাহত
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরদের শনাক্ত ও টায়ার উদ্ধারে অভিযান চলছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
***********