
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এই খেলা অনুষ্ঠিত হয়। এতে বিজিই বিভাগ সমাজবিজ্ঞান বিভাগের মুখোমুখি হয়। এতে বিজিই বিভাগ সমাজবিজ্ঞান বিভাগকে ৭ উইকেটে হারিয়ে জয় লাভ করে। খেলায় সমাজবিজ্ঞান বিভাগ প্রথমে ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৩ রান করে।জবাবে বিজিই বিভাগ ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৫ রান করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজিই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আকাশ।
এ বিষয়ে শরীরচর্চা শিক্ষা সহকারী পরিচালক বাবুল মন্ডল বলেন, অন্যান্য বছরের মতো এবারও আমরা এই আয়োজন করেছি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের আত্মিক ও দৈহিক মানোন্নয়নে ভূমিকা রাখে।