
ইবি প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। আমরা একটি সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি, সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই। বাস্তবতায় কিছু হানাহানি ও রক্তপাত থাকতে পারে, তবে আমরা ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের পথেই অগ্রসর হতে বদ্ধপরিকর।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন, পার্লামেন্টে বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার উদ্যোগে এবং বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে আমাদের দলের পাঁচজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রয়েছেন। এর মাধ্যমে একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা—এই চার জেলায় যদি আমরা সৌরভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকাংশে দূর হবে এবং কৃষিখাতে একটি বড় ধরনের বিপ্লব ঘটানো সম্ভব হবে। এই অঞ্চলকে কেন্দ্র করে আমাদের একটি স্বপ্নের মহাপরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু তালিব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, বৃহত্তর কুষ্টিয়া কল্যাণ ফোরামের মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মুনিরুজ্জামান, প্রাক্তন সংসদ সদস্য মেহেদি রুমী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মির্জা শাহরিয়ার মাহমুদ রন্টু, মাসুদ অরুণ এবং শহীদ ইয়ামিনের পিতা মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।