
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে কাজ করবে বর্তমান সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা চাই, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। একুশ মানে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন। আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাব।”
জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “একুশের অনুপ্রেরণা নিয়ে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। মাতৃভাষা ও সংস্কৃতির বিকাশেও সরকার কাজ করবে।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সংহত করাই সরকারের অঙ্গীকার।
এসময় শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।