নিজস্ব প্রতিনিধি
২০০৩ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় – ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এ সামার ফেস্ট-২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ও ইউআইটিএস কম্পিউটার ক্লাবের সহযোগিতায় অদ্য ১১ জুন, ২০২৩ খ্রি., রবিবার, বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এ ফেস্টের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাত দিনব্যাপী এই ফেস্টে প্রোগ্রামিং কনটেস্ট, অয়েব ডিজাইন কনটেস্ট, গ্রাফিক ডিজাইন, সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার, ফুটবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলা, ও বাহারি খাবারের আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও কম্পিউটার ক্লাবের মডারেটর জনাব আল ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড মোঃ আবু হাসান ভূঁইয়া।
সম্মানিত অতিথি ও মোটিভেশনাল স্পিকার ছিলেন ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ডেল এর সাবেক পরিচালক (সলিউশনস আর্কিটেকচার) এবং বিশ্বের অন্যতম ক্লাউড প্ল্যাটফর্ম আমাজন ওয়েব সার্ভিসেসের সলিউশন আর্কিটেক্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান অপু ।
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড সিরাজ উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড কে এম সাইফুল ইসলাম খান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড মোঃ মাজহারুল হক, আইন অনুষদের ডিন এডভোকেট ড মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম মোক্তার হোসেন।
এছাড়াও সিএসই বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও সকল ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশগ্রহণ করেন। সামার ফেস্টের সমাপনী অধিবেশনে সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
