
জিয়ারত জুয়েল : উৎসবমুখর পরিবেশে পর্তুগালে প্রবাসী টাঙ্গাইলবাসীর উদ্যোগে জমকালো ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পুর্তগাল’ এর মিলন মেলা। প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এই আয়োজন পরিণত হয় এক মিলনমুখর উৎসবে।
পর্তুগালে বসবাসরত জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাসী টাঙ্গাইলবাসীরা পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই মিলন মেলায় পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং একটি শক্তিশালী কমিউনিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগাল’ একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি করা হয়েছে মূলত মানুষের কল্যাণের জন্য ও মানব সেবার জন্য। তিন বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি শুধু একটি মিলন মেলা নয়, বরং টাঙ্গাইল কমিউনিটিকে সংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রবাসে একসাথে থাকার মাধ্যমে টাঙ্গাইলবাসীর ঐক্য আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে বড় পরিসরে সামাজিক ও কল্যাণমূলক কাজ করা সম্ভব হবে।
দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য পরিবেশনা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা। এতে প্রবাসী নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি চর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।