
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের সাফদারপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “সাফদারপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকাল পাঁচটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফদারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জুবায়ের আহমেদ শাহাবুদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান সিদ্দিক, রিওয়ান আহমেদ, বাবু ও বাবলু খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ক্রীড়াঙ্গনে ফুটবলের জোয়ার সৃষ্টি করতে “সাফদারপুর ক্রীড়া একাদশ”-এর আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে মাঠে নামে উল্লাপাড়া, সিরাজগঞ্জের “ইয়াংস্টার ক্লাব” এবং রাজশাহী দলের খেলোয়াড়রা।
ইয়াংস্টার ক্লাব দলে অংশগ্রহণ করেন শিল্প, রার্সেশ, সোহেল, হাবিব, তুহিন, মাজিম, শামীম, শান্ত, উজ্জ্বল, জুবায়ের ও আকাশ। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন নুর ও ইয়ামীন। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন নুর ফারুকুজ্জামান (অনু) এবং কোচ হিসেবে ছিলেন এস এম আকাশ।
অপরদিকে রাজশাহী দলের হয়ে মাঠে নামেন নেহাল, আশিক, আলমগীর, হাসান, সাব্বির, শাওন, মোতালেব, আলহাজ মল্কি, হৃদয়, রাব্বানি ও হাবিবুর। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন আলহাজ, সাহাপু ও জনি। দলের ম্যানেজার ছিলেন সাগর এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইসমাইল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।