
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ইংরেজিতে প্রবাদ আছে ‘Might is right.’ কিন্তু ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর এ ধারণা থেকে বেরিয়ে এসেছে অনেকে। অনেকে হয়তো বিষয়টি কেবলই ক্ষমতা পরিবর্তন হিসেবে ভাবছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী একাকার ব্রহ্মপুত্র নদ থেকে সরকারী ভাবে তুলে রাখা বালু ও মাটির স্তুপ গত ২মাস পূর্বে ইজারা হয়। সরকারী রাজস্ব বা ইজারা
ডাক পাওয়া ইজারাদার ইজারায় নেওয়া বালু স্তুপ বিক্রি করার পাশাপাশি নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি করছে। প্রশাসনের দাবী অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে কিনা জানে না!
সরেজমিনে চরভেলামারী বালুর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদে ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চলে নৌকা দিয়ে অবৈধ বালু উত্তোলন। নিজেদের ইচ্ছা মতো বালু উত্তোলন করছে ইজারাদের লোকজন।
অবস্থা অনেকটা মগের মুলুকের মতো। কিন্তু কারও যেন কিছু বলার নেই। এই বালু উত্তোলনের মাধ্যমে একদল মানুষ অবৈধভাবে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। ড্রেজার ও নৌকা দিয়ে যত্রতত্র ভাবে বালু উত্তোলন করলে নদীর পাড় ভেঙে যাওয়া সহ নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে।
খোঁজ নিয়ে জানা যায়, ইজারাদার বিল্লালের নেতৃত্বে একটি চক্র চর ভেলামারীর অদুরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার ও নৌকার শ্রমিক দিয়ে অবাধে বালু তুলে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা করছেন। নদীর পাড়ে রাখা বালু মাটির ডাক পাওয়া ইজারাদার ইজারায় নেওয়া বালু, মাটি বিক্রি করার পাশাপাশি নদ থেকে অবৈধভাবে বালু তোলা বিক্রি করছে।
ঘাটের দায়িত্বে থাকা শামসুদ্দিন বলেন, শুধু মাটি বিক্রি করা যায়না। তাই নৌকা ও ড্রেজার দিয়ে কিছুদিন যাবৎ বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গুটিকয়েক লোকের স্বার্থসিদ্ধির জন্য এভাবে সর্বনাশ মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের কেউ এই চক্রের সঙ্গে জড়িত থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে কি না, সেটা তদন্ত করে বের করতে হবে।
বালু ঘাটের ইজারাদার বিল্লাল জানান, ভেট আইটিসহ ৭০ (সত্তর) লক্ষ টাকা বালুর ঘাটের দুইটি পয়েন্ট ইজারা নিয়েছি। তাছাড়া আমার পয়েন্টে ড্রেজার দিয়ে বালু উঠাই না। ঈশ্বরগঞ্জ থেকে নৌকায় বালু এনে এখানে নামানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, বিষয়টি আমি জানিনা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমি জানিনা। তদন্ত সাপেক্ষে আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।