
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতীতে ৮ বছরের এক শিশুকে মোবাইল ফোনে গেম ও ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. রনি (২০)কে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ও এসআরবি-১, সিপিসি-২, উত্তরা ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, কালিহাতী থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মো. রনিকে প্রধান আসামি করা হয়। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে ঢাকায় বসবাস করেন। শিশুটি টাঙ্গাইলে তার নানির কাছে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, গত ১ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে বিভিন্ন সময়ে শিশুটির মামাতো ভাই মোবাইল ফোনে গেম ও ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।
পরে মাদ্রাসা ছুটি হলে শিশুটি ঢাকায় বাবা-মায়ের কাছে চলে যায়। ছুটি শেষে আবার নানির কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানালে বাবা-মা এর কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ধর্ষণের অভিযোগের বিষয়টি বাবা-মায়ের কাছে জানায়। এরপর এ ঘটনায় থানায় মামলা করা হয়।
অভিযানের পর গ্রেপ্তার রনিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।