
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হাসান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল সলেমানপুর ঘোষপাড়া এলাকায় আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার ছেলে হাসানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটারের ৭১ বোতল ESKUF এবং ৫৭ বোতল WINCEREX কাশির সিরাপ। প্রাথমিক পরীক্ষায় জানা যায়, এসব সিরাপে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডের সংমিশ্রণ রয়েছে, যা মাদকদ্রব্য হিসেবে নিয়ন্ত্রিত। সব মিলিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া হাসান অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন তারা। মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামত থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।