
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে ৩০০টি অসহায় পরিবারের মাঝে ফ্রি ইফতার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলার গুড়পাড়া, বকশিপুর, জগদ্বিশপুর ও কুল্যাগাছা এলাকায় অসহায়, ছিন্নমূল মানুষ ও পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির ৩০ জন সদস্য ও ২ জন পরিচালকের সহযোগিতায় প্রতিবছর এ ধরনের মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেকেই আর্থিক সহায়তা দিয়ে অংশগ্রহণ করেন।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক রোকনুজ্জামান, সহকারী পরিচালক নাহিদ বিশ্বাস, সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক এসকে রাকিব, সহ-সভাপতি ইন্তাদুল ইসলাম সাগর, অর্থ সম্পাদক আবুহেনা রনি, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ ফিরোজ হোসেন, আলইনছান, মোস্তাক আহম্মেদ টনি, হোসেন, হেদায়েত, রিয়াদুল, আশিকুর, মিরাজ, মিরাজ নেতা লিমন, তামিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের পরিচালক রোকনুজ্জামান বলেন, “আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন। রক্তদানের পাশাপাশি আমরা অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, পাখি ও বন্যপ্রাণী আশ্রয়দান এবং জনসচেতনতা কার্যক্রমের মতো বিভিন্ন সামাজিক কাজ নিয়মিতভাবে করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আজ পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন বলেন, “আমাদের এই সামাজিক কার্যক্রমে এলাকার সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই যদি সামাজিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর হবে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য মানবতার সেবায় কাজ করা। আজ গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা খুবই আনন্দিত।”
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আশার আলো ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা সব সময় মানুষের পাশে দাঁড়ান। পড়ালেখার পাশাপাশি নিজেদের অর্থ দিয়ে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এর আগে তারা মাঠের মধ্যে সাধারণ মানুষের জন্য একটি টিউবওয়েল স্থাপন করেছেন, যা স্থানীয়দের জন্য খুবই উপকারী হয়েছে। এছাড়া বজ্রপাত প্রতিরোধে রাস্তার দুই পাশে তালের বীজ রোপণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং রমজানে ইফতার কর্মসূচি আয়োজনসহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই সংগঠনটি ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজে আরও এগিয়ে যাবে এবং সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করবে।