
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আপন চাচা ও চাচাতো ভাইয়ের দা’র কোপে তবিবর রহমান (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত তবিবর রহমান মল্লিকপুর গ্রামের নবী ছদ্দীন মন্ডলের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৬টার দিকে তবিবর রহমান তার আপন চাচি হাসিনা বেগমকে মারধর করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসিনা বেগমের স্বামী উজির মন্ডল (৫৫) এবং তার ভাসুরের ছেলে শাকিল (৩২) তবিবর রহমানকে দা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। দা’র আঘাতে তার বুক গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তবিবর রহমানের মৃত্যু হয়।
অভিযুক্ত উজির মন্ডল মেরেজ মন্ডলের ছেলে এবং শাকিল গফুর মন্ডলের ছেলে। তাদের বাড়িও একই উপজেলার মল্লিকপুর গ্রামে।
পারিবারিক বিরোধ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে। এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।