
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে দাদা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. হুসাইন অরিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত অরিন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক মিয়ার নাতি এবং স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে। সে স্থানীয় আল-কুরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবা মো. আমজাদ হোসেন রনি তার ছেলে অরিনকে নিয়ে গ্রামের বাড়ি সুয়াদি গ্রামে বেড়াতে যান। বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে অরিন বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।
খেলার সঙ্গীরা তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে পুকুরের পানিতে অরিনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা বলেন, মুহূর্তের অসাবধানতায় একটি সম্ভাবনাময় প্রাণ ঝরে গেল। এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি আরও বেশি নজরদারি এবং পুকুর ও জলাশয়ের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তারা।
শিশু অরিনের অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।