
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই রাতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটচাঁদপুর থানাধীন আখসেন্টার পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে সাজা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুধসরা কাঠের মিলে দুই ব্যক্তি গাঁজা সেবন করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় শাওন (২২) ও মো. মুকুল (২১)কে আটক করা হয়।
পরে বিষয়টি কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
অন্যদিকে, একই রাতে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন জামান টি স্টোরের সামনে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিজয় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মুজাহিদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজয়কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে কালো জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার বিজয় কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মো. হায়দার আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট টেবিলের ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।