
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. মাসুদ (৫৭)। পুলিশ জানিয়েছে, তিনি কোটচাঁদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। অপরজন তার ছেলে মো. মামুন (৩২), তিনি কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-১১৮/২৬ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার উল্লেখ রয়েছে।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার দুজনের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।