
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগে ফজলু শাহ নামে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, সাফদারপুর বাজারের ওই মাংস ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, শনিবার সকালে তিনি একটি গর্ভবতী গাভী জবাই করেন। জবাইয়ের সময় গাভীর পেট থেকে একটি বাছুর বের হয়ে আসে। পরে বিষয়টি গোপন রেখে তিনি মাংস বিক্রি চালিয়ে যান এবং বেশিরভাগ মাংস বিক্রিও করে দেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত চলাকালে অভিযুক্ত কসাই নিজের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিক্রি না হওয়া ২৫ কেজি মাংস জব্দ করে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।