
আবদুল্লাহ আল মামুন, নোবিপ্রবি প্রতিনিধি
বরাবরের মতো এবারও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবির ৬ষ্ঠ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১৬ ডিসেম্বর ) বিজয় দিবসকে মাথায় রেখে গরীব দুঃখীদের শীত নিবারণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: দিদারুল আলম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আবদুল বাকি, রেজিস্ট্রার মো: জসিম উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড.ফিরোজ আহমেদ এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড.শিরিন আক্তারসহ অন্যান্য শিক্ষবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দুঃস্থ অসহায় মানুষের মধ্যে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। তাছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নুরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৭০ টি হুডি বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্বে আগামী ১৮ ই ডিসেম্বর রাতে নোয়াখালী এক্সপ্রেসে করে নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি স্টেশনে রাত্রিযাপন করা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি।
এছাড়াও আগামী ২৩ শে ডিসেম্বর নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি। সবমিলিয়ে এবার চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি ১০০০ কম্বল এবং ২০০ টি হুডি বিতরণ করবে।